কক্সবাজারের মহেশখালী উপকূলে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘ ১৬ দিন পর বুধবার দিবাগত রাত পৌনে ৩টা থেকে সীমিত পরিসরে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ চালু করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক অবস্থায় দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমএসসিএফডি) হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় মহেশখালীর হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে অবস্থিত এই টার্মিনালের ত্রুটি মেরামত করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো থেকে সফলভাবে এলএনজি খালাস করা গেলে ধাপে ধাপে গ্যাস সরবরাহের পরিমাণ বাড়িয়ে ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডিতে উন্নীত করা হবে। তবে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফিরতে এবং সার্বিক সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই বেলা সাড় ১১টার দিকে সরবরাহ লাইনে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছিল। টানা ১৬ দিনের নিবিড় চেষ্টা শেষে অবশেষে টার্মিনালটি পুনরায় সচল করা হলো।

