গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগতে থাকা চট্টগ্রামবাসীর জন্য সুখবর দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। আজ বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার পর থেকেই মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, আজ সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। এর ফলে চট্টগ্রামে গ্যাস সংকট অনেকটাই কমে আসবে। পাশাপাশি আগামী এক থেকে দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বুধবার সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজিডিসিএল প্রধান এসব তথ্য নিশ্চিত করেন।গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রকৌশলী সালাউদ্দিন বলেন, মহেশখালী এলএনজি টার্মিনালের দুটি বয়লারে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফলে স্বাভাবিকের তুলনায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় এরই মধ্যে একটি বয়লার সচল করা সম্ভব হয়েছে।তিনি আরও জানান, মেরামত করা প্রথম বয়লারটি থেকে আজ সন্ধ্যা থেকেই গ্যাস সরবরাহ শুরু করা হচ্ছে। তবে ত্রুটিযুক্ত অপর বয়লারটি সম্পূর্ণ প্রস্তুত হতে আরও ১ থেকে ২ দিন সময় লাগবে। সেটি সচল হলে অঞ্চলটিতে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠিত হবে।

