টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষার্থী এবং তরুণ গবেষকদের জন্য আয়োজিত ‘ক্রিস্যাট রিসার্চ কম্পিটিশন- সিজন ২’-এর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধনের সুযোগ পাবেন।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর সহযোগিতায় আয়োজিত ‘৭ম টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি ২০২৬)’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় মূল কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এতে ‘ফাইভ মিনিট রিসার্চ কম্পিটিশন (৫এমআরসি)’ এবং ‘পোস্টার প্রেজেন্টেশন’ অন্তর্ভুক্ত রয়েছে।
অংশগ্রহণের যোগ্যতা
টেক্সটাইল ও ফ্যাশন বিষয়ক যেকোনো বিষয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বিগত ৬ মাসের মধ্যে স্নাতক সম্পন্ন করা তরুণরা এতে অংশ নিতে পারবেন।
সুযোগ-সুবিধা
প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং সিভি বা গবেষণা প্রোফাইল শক্তিশালী করার সুযোগ। এছাড়া নির্বাচিত গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক নিবন্ধিত ‘টিআরসি বুক অব পেপারস’ -এ প্রকাশের সুযোগ পাবে।
নিবন্ধন ফি ও ক্যাটাগরি
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুটি রুট রাখা হয়েছে— রুট ১: সাধারণ প্রবেশ ফি ১,০৫০ টাকা।
রুট ২:
ফি ২,১০০ টাকা (এর মধ্যে ৪ সপ্তাহের বিশেষ ‘গবেষণা দক্ষতা ও একাডেমিক রাইটিং প্রশিক্ষণ’ অন্তর্ভুক্ত)।

