গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং ব্যাংকিং জটিলতার কারণে উৎপাদন সচল করতে না পারায় গাজীপুরের কোনাবাড়ীর জাড়ুন এলাকায় অবস্থিত কেয়া কসমেটিকস লিমিটেডের কারখানায় চলমান ‘লে-অফ’ বা সাময়িক বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কারখানার স্বাভাবিক উৎপাদন বন্ধ থাকবে।
এর আগে গত ৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত কারখানাটিতে প্রথম দফায় লে-অফ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী এই সময়সীমা বাড়ানো হলো। কেয়া কসমেটিকসের নিট কম্পোজিট, স্পিনিং, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড এই আদেশের আওতাভুক্ত থাকবে।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে জানানো হয়েছে, লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ও ক্ষতিপূরণ প্রদান করা হবে।
তবে প্রধান কার্যালয় (ফিন্যান্স, অ্যাকাউন্টস, মার্চেন্ডাইজিং, সেলস অ্যান্ড মার্কেটিং), সিকিউরিটি, ইটিপি, ফায়ার এবং মেকানিক্যাল রক্ষণাবেক্ষণসহ জরুরি বিভাগগুলো আগের মতোই সচল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের বিষয়ে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

