বাংলাদেশের টেক্সটাইল ও ডাইং শিল্পে প্রযুক্তিগত সহায়তা, উন্নতমানের ডাইজ ও কেমিক্যাল সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ করছে টি অ্যান্ড টি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের জিরানিতে একটি আধুনিক টেকনিক্যাল অ্যাপ্লিকেশন ল্যাব ও ওয়্যারহাউস স্থাপন করেছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দেশে ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং (OEM) ভিত্তিক ডাইজ মিক্সিং কার্যক্রম চালু এবং ঢাকা ও চট্টগ্রামে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, ❝বাংলাদেশে OEM ভিত্তিক ডাইজ মিক্সিং কার্যক্রম চালু হলে স্থানীয় শিল্পকারখানাগুলো তাদের চাহিদা অনুযায়ী দ্রুত ও কার্যকর সমাধান পাবে। একই সঙ্গে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের টেক্সটাইল ও ডাইং কারখানায় আরও দ্রুত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।❞
টি অ্যান্ড টি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর ইঞ্জি. এ. টি. এম. মঈনুদ্দিন মজুমদার (শিবলী) বলেন, “আমরা সবসময় গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ওপর বেশি গুরুত্ব দিয়ে আসছি। বর্তমানে আমরা নতুন প্রজন্মের কিছু ডাইজ নিয়ে কাজ করছি এবং বিশেষ করে পলিস্টার-ভিসকস ও নাইলন ব্লেন্ড ফ্যাব্রিকের জন্য উন্নত ডাইং প্রযুক্তি ও প্রসেস প্যারামিটার উন্নয়নে গবেষণা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরও আধুনিক, টেকসই ও কার্যকর সমাধান প্রদান করা।”
তিনি আরও বলেন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে শিল্পখাতের উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত টি অ্যান্ড টি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তাইওয়ানের টি অ্যান্ড টি ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বাংলাদেশ শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে।


