EMMTEX SLN Textile Industry Advertisement Banner

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্যোগে “বাংলাদেশের টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন: একটি কৌশলগত সমাধান” শীর্ষক সেমিনার ও স্প্রিং-২০২৬ সেমিস্টারের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সেমিনার কক্ষ ১০৫-এ এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. (ইঞ্জি.) মো. মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটিএস ল্যাবটেস্ট বাংলাদেশ লিমিটেড-এর রিজিওনাল টেকনিক্যাল সেক্টর ম্যানেজার মো. রাকিবুল হাসান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জি. এম. ফয়সাল।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সিনিয়র প্রভাষক মনীন্দ্র নাথ রায়। তিনি সেমিনারের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করা বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গবেষণা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।মূল প্রবন্ধে মো. রাকিবুল হাসান টেক্সটাইল খাতে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, সৌরশক্তির ব্যবহার, পানি পুনঃব্যবহার এবং গার্মেন্টস বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ বর্তমান সময়ের জন্য অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে বহুমুখী জ্ঞান অর্জনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবন, বিপণন কৌশল ও ভ্যালু অ্যাডিশনের ওপর গুরুত্ব দেন। তিনি দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও শক্তিশালী করতে কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।সেমিনার শেষে স্প্রিং-২০২৬ সেমিস্টারের কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন সেমিস্টারে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—মোস্ত. আতিয়া সুলতানা শোমা (১ম সেমিস্টার), মাহমুদা আক্তার (২য়), বিথি রানি (৩য়), মোস্ত. জারিন তাসনিম (৪র্থ), জান্নাতি মিম (৫ম), প্রিয়ন্তি সেন ত্রিনা (৬ষ্ঠ), তাসরিক আলম (৮ম), আসমা আক্তার (৯ম), নাজমা উল মিতু (১০ম) এবং বিপ্লব কুমার দাস (১১তম)। এছাড়া সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৮ অর্জনের জন্য তাসরিক আলম বিশেষ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।সমাপনী বক্তব্যে বিভাগের প্রধান জি. এম. ফয়সাল টেক্সটাইল খাতে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত যোগ্যতার ওপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে দৃঢ় যোগাযোগ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।সফল আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি জ্ঞানবিনিময়, একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।

প্রতিবেদক : মোঃ এহছানুল আজম মুননর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com