EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতে এ খাতে বৈশ্বিক নেতৃত্ব দিতে ব্যাপক গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ প্রযুক্তির টেকসই ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলন (আইসিটিএসই-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত রক্ত সঞ্চালনের মতো প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এই খাতে প্রায় ৬০ লাখ শ্রমিক নিয়োজিত, যার একটি বড় অংশই নারী। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও কাঁচামালের জন্য এখনও বিদেশি নির্ভরতা রয়েছে। চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে হলে এই নির্ভরতা কমিয়ে গবেষণার মাধ্যমে নতুন পথ তৈরি করতে হবে।

প্রযুক্তির নেতিবাচক প্রভাবের আশঙ্কা উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি বা এআই পোশাক খাতের কর্মসংস্থান কেড়ে নেবে না। বরং এটি পণ্যের গুণগত মান বাড়াতে, বৈচিত্র্যময় ও সৃজনশীল ডিজাইন তৈরিতে এবং আন্তর্জাতিক বিপণনে নতুন মাত্রা যোগ করতে সহায়তা করবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশে পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ ও রিসাইক্লিং (পুনর্ব্যবহার) ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। ঢাকার ঐতিহ্যবাহী মসলিন কাপড়ের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, আধুনিক বিজ্ঞানের সহায়তায় আমাদের সেই সোনালী অতীতকে ফিরিয়ে আনতে হবে। এছাড়া পরিবেশ দূষণ রোধে সিনথেটিক বা পলিথিনের পরিবর্তে পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে তিনি জানান, সরকারি উদ্যোগে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

বুটেক্সের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ২০০৬ খ্রিষ্টাব্দে কলেজ থেকে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আজ এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কেবল চাকরিজীবী নন, বরং অনেকেই সফল উদ্যোক্তা ও শিল্পপতি হয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আহসান হাবিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন করেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com