EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আসন্ন জাতীয় বাজেটে টেক্সটাইল খাতের আয়কর হার ২৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২০৩০ সাল পর্যন্ত ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বিদ্যমান কর কাঠামোকে বৈষম্যমূলক উল্লেখ করে খাতটির প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে বিটিএমএ বলেছে, কোভিড-পরবর্তী অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের সংকটে দেশের টেক্সটাইল শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে তৈরি পোশাক খাতে ১২ শতাংশ কর বহাল থাকলেও টেক্সটাইল খাতে ২৭ দশমিক ৫০ শতাংশ কর আরোপ করায় শিল্পমালিকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার, টাকার অবমূল্যায়ন, রফতানি প্রণোদনা কমে যাওয়া এবং এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতার চাপ টেক্সটাইল শিল্পকে দুর্বল করে দিচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর ভর্তুকি ও নগদ সহায়তার কারণে সেসব দেশের সুতা ও কাপড় কম দামে বাংলাদেশে প্রবেশ করছে, যা স্থানীয় শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ২০০টির বেশি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। বর্তমানে চালু থাকা অধিকাংশ কারখানাও উৎপাদন সক্ষমতার মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার করতে পারছে। এতে খাতটিতে আর্থিক সংকট আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে বিটিএমএ।

এদিকে পৃথক এক আবেদনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) তাদের ৫০টি সদস্য কারখানার প্রায় ৪২০ কোটি টাকার ঋণ মওকুফের দাবি জানিয়েছে। অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের কাছে পাঠানো ওই আবেদনে সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, ব্যাংকিং খাতে অনিয়ম এবং কিছু মালিকের মৃত্যুর কারণে এসব প্রতিষ্ঠান রুগ্ন শিল্পে পরিণত হয়েছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ৫০টি প্রতিষ্ঠানের ১৬টি ব্যাংকের কাছে মোট বকেয়া ঋণের পরিমাণ ৮১৯ দশমিক ৮৫ কোটি টাকা। শিল্পগুলো টিকিয়ে রাখতে সরকারের বিশেষ সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com