EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের টেক্সটাইল খাতের তরুণ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরির অন্যতম আয়োজন ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ন্যাশনাল ডে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর উত্তরায় BGMEA Complex-এর নূরুল কাদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

Textile Today আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সারা দেশ থেকে বাছাই করা ১০০ শিক্ষার্থীকে ‘ইনোভেশন মাস্টারমাইন্ড’ হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স এর উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার।

বক্তারা টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন, গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং ভাষাজ্ঞান বাড়ানোর বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীদের জন্য ছিল ‘ইন্ট্রোডাকশন টু ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ, অনলাইন মূল্যায়ন পরীক্ষা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের পূর্বে জমা দেওয়া ভিডিও উপস্থাপনা, কুইজ মূল্যায়ন, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতার ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিটি জোন থেকে নির্বাচিত সেরা তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, গত এক দশক ধরে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দেশের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব, উদ্ভাবন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com