দেশের টেক্সটাইল খাতের অন্যতম বড় প্রতিযোগিতা ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ঢাকা জোনে ২য় রানার আপ হয়েছেন আরিফুল হক নাইম। তিনি নিটার এর শিক্ষার্থী।
Textile Today আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো প্রতিযোগীর মধ্যে নিজের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং নেতৃত্বগুণের মাধ্যমে এই সাফল্য অর্জন করেন নাইম।
‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের ভবিষ্যৎ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরি করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের আসরে ‘ইনোভেশন’ ও ‘সাসটেইনেবিলিটি’ বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুল হক নাইম বলেন, এই অর্জনের পেছনে তার কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, নিটারে অর্জিত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান তাকে প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে সহায়তা করেছে। ভবিষ্যতে দেশের টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
নাইমের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছে নিটার প্রশাসন ও শিক্ষার্থীরা। আগামীতে তিনি টেক্সটাইল ট্যালেন্ট হান্টের কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

