EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট শিল্প প্রদর্শনীতে (বিটিকেজি ২০২৬) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উদ্যোগে ‘স্মার্ট ওয়্যারএবেল ই-টেক্সটাইলস ফর পাবলিক হেলথ কেয়ার মনিটরিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবায় এর সম্ভাবনা তুলে ধরাই ছিল সেমিনারের মূল লক্ষ্য।

শুক্রবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মামুন কবির, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহাদ্দেস হোসেন। সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, গবেষক এবং টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সেমিনারে অধ্যাপক ড. শেখ মো. মামুন কবির বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিচিতি এবং দেশের টেক্সটাইল খাতে বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরেন। অন্যদিকে ড. মো. রাশেদুল ইসলাম স্বাস্থ্যসেবায় স্মার্ট ও পরিধানযোগ্য ই-টেক্সটাইলের ব্যবহার, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সহকারী অধ্যাপক মো. মোহাদ্দেস হোসেন তাঁর উপস্থাপনায় মানুষের শারীরিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য ডিজিটাল মেশিনে বোনা রেসিস্টিভ স্ট্রেন সেন্সরের প্রযুক্তিগত দিক, কার্যপ্রণালি এবং সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন।

উল্লেখ্য, এই শিল্প প্রদর্শনীতে বুটেক্সের একটি নিজস্ব স্টল রয়েছে, যা মেলা প্রাঙ্গণের ৩ নম্বর হলে অবস্থিত। চার দিনব্যাপী চলমান এই প্রদর্শনী আগামী ২ মে পর্যন্ত চলবে। টেক্সটাইল খাত সংশ্লিষ্ট শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তারা এই স্টলটি পরিদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com