নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটিইসি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০ এর ক্যাম্পাস ডে প্রতিযোগিতা ও সেমিনার। গত ২৭ মে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ৭০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। এতে পুরো ক্যাম্পাসে উদ্ভাবনী চিন্তা, শেখা ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল হক (অতিরিক্ত দায়িত্ব)। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নের জন্য কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান।
এনটিইসি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মো. আলেপ উদ্দিন শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা তুলে ধরতে এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
এছাড়া টেক্সটাইল টুডে ও টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ১০.০-এর প্রতিনিধি এবং এনটিইসি ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি সিদ্ধার্থ শুভ রায় একটি বিশেষ সেশন পরিচালনা করেন। তাঁর বক্তব্য ও উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
টেক্সটাইল টুডে এবং এনটিইসি ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নতুন উদ্ভাবনী ভাবনা সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

