EMMTEX SLN Textile Industry Advertisement Banner

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় অবস্থিত করণী ফ্যাশনস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের কর্মবিরতি, বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগ তুলে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানা কর্তৃপক্ষের প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, গত ১৬ এপ্রিল থেকে একদল শ্রমিক কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অস্থিরতা তৈরি করে। তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং অন্যান্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয় বলে অভিযোগ করা হয়। কর্তৃপক্ষ বারবার কাজে ফেরার আহ্বান জানালেও তা উপেক্ষা করা হয় এবং এক পর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

নোটিশে আরও বলা হয়, শ্রমিকদের হামলায় কারখানার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিক ও কর্মকর্তাদের নিরাপত্তা এবং কারখানার সম্পদ রক্ষায় ১৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে কারখানা পুনরায় চালুর বিষয়ে নোটিশ দিয়ে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সংক্রান্ত নোটিশের কপি স্থানীয় থানা ও শিল্প পুলিশের কাছেও পাঠানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com