শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প

ফেব্রুয়ারি ২০২৬ মাসের বেতন-ভাতা পরিশোধে ৮০ শতাংশ রপ্তানিনির্ভর সচল শিল্পপ্রতিষ্ঠানকে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় গার্মেন্টস শিল্পও রয়েছে।

মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে ক্রয়াদেশ পিছিয়ে যাচ্ছে এবং তারল্য সংকট তৈরি হয়েছে। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন পরিশোধে চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ও রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে এই ঋণ সুবিধা চালু করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গত তিন মাসে পরিশোধিত গড় বেতন-ভাতার সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দেওয়া যাবে। তবে এই ঋণ চলতি মূলধন ঋণসীমার বাইরে মেয়াদি ঋণ হিসেবে প্রদান করা হবে এবং এর পরিমাণ গত তিন মাসের গড় বেতন-ভাতার বেশি হবে না। ঋণের ওপর বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। এ অর্থ সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া ঋণ গ্রহণের পর তিন মাস গ্রেস পিরিয়ড থাকবে এবং সর্বোচ্চ এক বছরের মধ্যে মাসিক বা ত্রৈমাসিক সমান কিস্তিতে তা পরিশোধ করতে হবে। নিয়মিত সুদ ছাড়া অতিরিক্ত কোনো সুদ, মুনাফা, ফি বা চার্জ আরোপ করা যাবে না।

তবে এই সুবিধা পেতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বা বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।