মিরর ডেস্ক ১ মার্চ ২০২৬ , ৮:৫০:১৮ অনলাইন সংস্করণ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) তিন শিক্ষার্থী জার্মানির হফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে মাস্টার্স থিসিস সম্পন্ন করার সুযোগ পেয়েছেন। সুযোগ প্রাপ্তরা হলেন বুটেক্সের এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলস প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আকাশ, সুস্মিতা পাল ও ফাহমিদা আক্তার তিশা।

বুটেক্স ও হফ বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা চুক্তি এবং BUTEX–GIZ–KiK প্রকল্পের স্কলারশিপের আওতায় এ সুযোগ মিলেছে। তাঁদের এক্সচেঞ্জ সেমিস্টার আগামী ৪ মার্চ জার্মানিতে শুরু হবে।
গত বছরের জুলাইয়ে এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করা হলে রিসার্চ প্রোফাইল, মোটিভেশনাল লেটার ও একাডেমিক ফলাফলের ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হয়। থিসিস চলাকালে বুটেক্সের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সহ-তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন হফ বিশ্ববিদ্যালয়ের ড. মাইকেল রাউখ, অধ্যাপক ড. ক্যাথারিনা নয়মান ও অধ্যাপক ড. আনেট ম্যাথাই।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জাহিদুল ইসলাম আকাশ বলেন, জার্মানিতে থিসিস করার সুযোগ তাঁর গবেষণা জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। সুস্মিতা পাল জানান, আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার এই সুযোগ তাঁর দীর্ঘদিনের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, প্রথমবারের মতো এই যৌথ উদ্যোগের মাধ্যমে তিন শিক্ষার্থী বিদেশে থিসিস করার সুযোগ পেলেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। ভবিষ্যতে জাপান ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরিয়ে এনে শিক্ষার্থীরা টেকসই টেক্সটাইল খাতের উন্নয়নে অবদান রাখবেন।












