গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন এবং ৩০ নভেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইনের সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়েছিল, যার তিন বছর পূর্ণ হতে চলেছে। আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার নিয়ম থাকায় মে মাসের মধ্যেই বোর্ড গঠনের প্রয়োজন ছিল। তবে এ নিয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
নেতারা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়িভাড়া ও চিকিৎসা খরচ বাড়ার ফলে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির তুলনায় পোশাক খাতের শ্রমিকদের আয় পিছিয়ে রয়েছে।আইবিসি জানায়, ২০০৬ সালে গার্মেন্টসে সর্বনিম্ন মজুরি ছিল ১,৬৬২ টাকা ৫০ পয়সা, যা ধাপে ধাপে বেড়ে ২০২৩ সালে ১২,৫০০ টাকায় দাঁড়িয়েছে। তবে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে এই বৃদ্ধি বাস্তবে শ্রমিকদের জীবনমান উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেনি।
দাবি আদায়ে কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনটি জানায়, আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল শেষে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। পরবর্তীতে ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আঞ্চলিক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আইবিসি সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি চায়না রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।


