Advertisement

আসন্ন ঈদুল ফিতরের আগে আর্থিক সংকটের কারণে চার থেকে পাঁচটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রেজওয়ান সেলিম বলেন, ঈদের ছুটির আগে কিছু কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধে সমস্যায় পড়তে পারে। তবে বিজিএমইএ ও ব্যাংকগুলো বিষয়টি সমাধানে কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ব্যবসায়ীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও চেয়েছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রপ্তানি প্রণোদনার তহবিল থেকে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকেও প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে কারখানাগুলো শ্রমিকদের পাওনা সময়মতো পরিশোধ করতে পারে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com