Advertisement

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সমমর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্রমিকরা একটি র‍্যালি বের করেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, নারী শ্রমিক কবিতা ও রেবেকা আক্তারসহ আরও কয়েকজন শ্রমিক নেতা।

বক্তারা বলেন, তৈরি পোশাক খাতে কর্মরত অনেক নারী শ্রমিক এখনও কর্মক্ষেত্রে বৈষম্য, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সমমর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

তারা নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি কার্যকর করা, কর্মস্থলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, নারী ও কন্যা উন্নয়নে কার্যকর উদ্যোগ এবং সম্পত্তি ও কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে ফরিদুল ইসলাম বলেন, দেশে নারীর সমঅধিকার এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কর্মক্ষেত্র ও সম্পত্তির ক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের মুখোমুখি হন। তাই নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা প্রয়োজন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com