EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ঢাকার উত্তরায় আজ জরুরি পরিচালনা পর্ষদ সভা করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। টানা রপ্তানি কমে যাওয়ার পরিস্থিতি এবং পোশাক খাতের বর্তমান সংকট নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ জানান, সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানিতে যে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে, তার কারণ ও সম্ভাব্য সমাধান খুঁজতেই এই জরুরি সভা ডাকা হয়েছে। একই সঙ্গে কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনের কারণও পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, শুধু শুল্কসংক্রান্ত বিষয় নয়, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সরবরাহ সময় (লিড টাইম) এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রভাবও রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে দেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৩ দশমিক ৪১ শতাংশ কম।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়েও সভায় আলোচনা হতে পারে। এ বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া সদস্য কারখানাগুলোর জন্য জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে একটি তহবিল গঠনের বিষয়ও বিবেচনা করা হবে।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী একটি ইউরোপীয় পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকায় আগামী মৌসুমেও রপ্তানির পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘ লিড টাইম। ইউরোপে পণ্য পৌঁছাতে ৩০ থেকে ৪০ দিন বা তারও বেশি সময় লাগে। এতে উৎপাদন ব্যয় বাড়ে এবং কম মুনাফার ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে।

খাতসংশ্লিষ্টদের মতে, এলডিসি উত্তরণের পর ইউরোপীয় বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com