পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘টেক্সএডুফেস্ট ২০২৬’ (TexEduFest 2026)-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মেম্বার রিক্রুটমেন্ট ফেস্টের (এমআরএফ) মাধ্যমে ক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. মফজল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেক্সটাইল ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ইঞ্জি. মফজল আহমেদ বলেন, সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বহুমুখী দক্ষতা বাড়ানোর জন্য টেক্সটাইল ক্লাব একটি আদর্শ জায়গা। অন্যদিকে, ক্লাবের চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, শিক্ষার্থীরা যেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি আধুনিক ইন্ডাস্ট্রির চাহিদানুযায়ী নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যেই ক্লাবটি নিয়মিত কাজ করছে।
আয়োজক কমিটির সভাপতি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, পোশাকখাত ও টেক্সটাইল খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ ও বাস্তবিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
উৎসবের সমাপনী পর্বে ‘টেক্সএডুফেস্ট’-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ জানিয়ে ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।


