EMMTEX SLN Textile Industry Advertisement Banner

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ১৫ দিনব্যাপী গার্মেন্টস টেকনোলজি ও লীন ম্যানুফ্যাকচারিং প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এ প্রশিক্ষণের আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল। এছাড়া অনুষ্ঠানে বিকেএমইএ’র পরিচালক মো. মামুনুর রশিদ, যবিপ্রবির অধ্যাপক ড. সুমন রহমান, ড. চিত্রলেখা কর্মকার, প্রশিক্ষক ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এ ধরনের প্রশিক্ষণ শুধু চাকরির প্রস্তুতি নয়, দক্ষ মানবসম্পদ ও ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের শিল্পখাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা গার্মেন্টস টেকনোলজি ও লীন ম্যানুফ্যাকচারিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। এছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৬ (বিটিকেজি এক্সপো ২০২৬) পরিদর্শনের মাধ্যমে আধুনিক টেক্সটাইল প্রযুক্তি ও মেশিনারিজ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন তারা।

আয়োজকরা জানান, বিটিকেজি এক্সপো দেশের অন্যতম বড় টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী, যা নিয়মিত আয়োজন করে বিকেএমইএ।

প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা দুটি শিল্প প্রতিষ্ঠানে ফিল্ড ভিজিটেও অংশ নেন। এতে তারা শিল্পকারখানার কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com