রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক মামলা নিষ্পত্তি এবং বন্ধ শিল্পকারখানা চালুর দাবি উঠেছে। শুক্রবার (১ মে) দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিশ্বে বহু আগে ন্যূনতম মজুরির ধারণা চালু হলেও বাংলাদেশে এখনো জাতীয় স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজ নির্ধারিত হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
রিজভী আরও বলেন, লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শ্রমিকদের নামে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে রয়েছে, যার প্রতিকার এখনো হয়নি। শ্রমিকরা মামলা চালাবে নাকি কলকারখানায় কাজ করবে—এ প্রশ্ন তুলে তিনি দ্রুত সমাধানের আহ্বান জানান।
তিনি বর্তমানে বন্ধ থাকা জুট মিলগুলো জাতীয় নীতির আওতায় পুনরায় চালুর দাবি জানান। তার ভাষ্য, এতে লাখ লাখ শ্রমিক দেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং দেশের সম্পদ কাজে লাগানো সম্ভব হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় মে দিবস উপলক্ষে এটিই তার প্রথম শ্রমিক সমাবেশে অংশগ্রহণ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি উত্থাপন করা হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

