কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত আমির শার্টস লিমিটেড গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ কারখানাটির বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হলে আগুনের স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে কারখানার সিকিউরিটি কর্মী মো. সাজ্জাদ, বয়লার অপারেটর একরাম এবং ওয়েল্ডার রবিউল দগ্ধ হন।
ঘটনার পর সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন বলে জানা গেছে।

