চট্টগ্রাম বন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের ফেব্রিক বা কাপড়ভর্তি ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তৈরি পোশাক খাতের জন্য বিদেশ থেকে আনা কাঁচামালের চালানটি গায়েব হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে পাঠানো নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ‘এমভি এমসিসি ডানাং’ নামের একটি জাহাজ থেকে এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারটি চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে খালাস করা হয়। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাভারের ‘গোল্ড স্টার গার্মেন্টস’-এর আনা এই চালানটি খালাসের জন্য গত ২২ আগস্ট কাস্টমসের সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এসআরএস সিন্ডিকেট’।
কাস্টমস ও বন্দরের যাবতীয় কর পরিশোধ করে গত ৩০ আগস্ট কনটেইনারটি তুলতে গেলে বন্দর কর্তৃপক্ষ তা বুঝিয়ে দিতে ব্যর্থ হয়।পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীরা ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে তল্লাশি চালিয়েও কনটেইনারটির কোনো সন্ধান পাননি।
৬৬৮ বেল কাপড়সহ কনটেইনারটি গায়েব হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ২ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন সিঅ্যান্ডএফ প্রতিনিধি মো. হাফিজুর রহমান।অভিযোগে বলা হয়, শতভাগ রপ্তানিমুখী পোশাকের কাঁচামাল সময়মতো না পাওয়ায় পোশাক কারখানাটি চরম সংকটে পড়েছে। যথাসময়ে পণ্য প্রস্তুত করে বিদেশি ক্রেতার কাছে পাঠাতে না পারলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হবে।
কনটেইনার নিখোঁজের সত্যতা স্বীকার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ঘটনাটি জানিয়ে একটি অভিযোগপত্র পাওয়া গেছে এবং বর্তমানে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


