ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত বাইনারী ফুটবল লীগ ২০২৬-এর জমজমাট আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এফসি ট্রোজানস। সেমিফাইনালে বাগ ক্রলার-এর বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারিত সময়ের সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে অসাধারণ মানসিক দৃঢ়তা ও নিখুঁত শটের মাধ্যমে জয় নিশ্চিত করে ট্রোজানসরা।
টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স, দলগত সমন্বয় এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে এসেছে দলটি। গ্রুপ পর্ব থেকে নকআউট—প্রতিটি ম্যাচেই নিজেদের সামর্থ্য প্রমাণ করে ধাপে ধাপে এগিয়ে এসে এখন তারা ফাইনালের দোরগোড়ায়। ফাইনালে এফসি ট্রোজানস মুখোমুখি হবে শক্ত প্রতিপক্ষ পাইথন ওয়ারিয়র্স, যারা এবারের আসরে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
দলের ম্যানেজার অমর্ত্য চৌধুরী বলেন, “বাইনারী ফুটবল লীগ আমাদের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একটি ঐতিহ্য। আমার টিম এতোদূর আগাতে পেরেছে শুধুমাত্র টিমের সকলের পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। শুরু থেকেই আমরা ধাপে ধাপে এগোনোর লক্ষ্য নিয়েছিলাম, এবং প্রতিটি ম্যাচে সবাই সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিয়েছে। সেমিফাইনালের মতো চাপের ম্যাচে যেভাবে দল নিজেদের ধরে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ করে দলের অধিনায়ক সাইমুন আল সিয়ামের নেতৃত্ব এবং হেড কোচ সাগর শিকদারের কৌশলগত পরিকল্পনা এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পেছনে অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে রয়েছেন দলের ওনার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহমেদ স্যার ফাইনালকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছি। পাইথন ওয়ারিয়র্স একটি শক্তিশালী দল, তাই তাদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে আরও শৃঙ্খলাবদ্ধ ও কৌশলগত ফুটবল খেলা। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত, এবং ইনশাআল্লাহ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।”
এফসি ট্রোজানসের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের সমর্থকদের নিরবচ্ছিন্ন উপস্থিতি এবং উৎসাহ। ফাইনাল ম্যাচে সেই সমর্থন আরও একধাপ বাড়বে বলেই প্রত্যাশা দলের।

