দেশের বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর আয়কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবিত এ করহার আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ (এসআরও) তৈরি করে অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠিয়েছে এনবিআর। অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরপরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আয়কর আইন, ২০২৩-এর ৭৬(১) ধারা অনুযায়ী, রপ্তানি সুরক্ষা, কর্মসংস্থান বজায় রাখা এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই কর কমানোর সুপারিশ করেছে এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, সুতা উৎপাদন, সুতা রং করা, ফিনিশিং, কনিং, কাপড় রং করা, প্রিন্টিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বস্ত্র খাতের আওতাভুক্ত।

এর আগে ২০১৫ সালে এক এসআরওর মাধ্যমে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ১৫ শতাংশ আয়কর নির্ধারণ করেছিল এনবিআর। ওই সুবিধার মেয়াদ ছিল ১০ বছর। ২০২৫ সালে মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে করহার বেড়ে ২৭ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়।

চলতি বছরের মে মাসে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০৩০ সাল পর্যন্ত বস্ত্র খাতের আয়কর ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছিল। সংগঠনটির যুক্তি ছিল, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো বর্তমানে ১২ শতাংশ হারে আয়কর দিচ্ছে। তবে চলতি অর্থবছরের বাজেট প্রণয়নের সময় এনবিআর বিটিএমএর ওই প্রস্তাব বিবেচনায় নেয়নি।

বস্ত্র খাতে বাড়ছে উৎপাদন ব্যয় ও প্রতিযোগিতার চাপসম্প্রতি বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তৈরি পোশাক প্রস্তুতকারকদের আপত্তির মুখে পরে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এর পরপরই বস্ত্র খাতের কর কমানোর উদ্যোগটি সামনে আসে।

গত ৫ নভেম্বর অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে এনবিআর বস্ত্র খাতের সংকটের পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার, রপ্তানি প্রণোদনা কমে যাওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাড়তি প্রতিযোগিতার চাপ।

এ ছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে কম দামে সুতা ও কাপড় আমদানির কারণে দেশীয় টেক্সটাইল মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এনবিআরের প্রস্তাবে বলা হয়েছে, গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ত এবং অনিয়মিত সরবরাহের কারণে দেশের অধিকাংশ টেক্সটাইল মিল তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার করতে পারছে। এতে প্রতিষ্ঠানগুলোর কার্যকরী মূলধনের ওপর চাপ বাড়ছে এবং অনেক মিল আর্থিক লোকসানের ঝুঁকিতে পড়ছে।

এ পরিস্থিতিতে আয়কর কমানোর প্রস্তাবকে দেশীয় বস্ত্রশিল্পের ওপর আর্থিক চাপ কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার উদ্যোগ হিসেবে দেখছে এনবিআর।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com