বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শুরু হওয়া এই আন্দোলনের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জনদুর্ভোগের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিয়াকৈর, সফিপুর ও মৌচাক এলাকার অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কালিয়াকৈরের ‘এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড’ কারখানার শ্রমিকরা ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে প্রথম বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয় এবং আশপাশের অন্যান্য কারখানাগুলো বন্ধের দাবি জানিয়ে চাপ সৃষ্টি করতে থাকে।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক মোড়ে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫টি কারখানা সাময়িক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এসেনশিয়াল গার্মেন্টসের শ্রমিকদের অসন্তোষ থেকেই আন্দোলনের সূচনা হয়। এর জের ধরে আশেপাশের আরও ১৪-১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। শ্রমিকরা এখনো মহাসড়কে অবস্থান করায় তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে শিল্প পুলিশ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com