গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট’ নামে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক নারী সহকর্মীকে প্রহারের ঘটনা কেন্দ্র করে শ্রমিকদের কর্মবিরতি ও তীব্র অসন্তোষের মুখে সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সকালে কারখানার প্রধান ফটকে প্রধান পরিচালন কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়।
এতে জানানো হয়, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুর এবং রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ রেখে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।তবে কারখানা কর্তৃপক্ষের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক জানান, সুইং সেকশনের এক সিনিয়র নারী অপারেটরকে মারধর করেন দায়িত্বরত ইনচার্জ।
ওই ইনচার্জের অপসারণ ও শাস্তির দাবিতেই তারা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছিলেন। কিন্তু বিষয়টির সুষ্ঠু সমাধান না করে উল্টো পুরো কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।গাজীপুর শিল্প পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইনচার্জের অব্যাহতির দাবিতে শ্রমিকরা দুই দিন ধরে কাজ বন্ধ রেখেছিলেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।


