নরসিংদী সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদীর বিরামপুর এলাকার ‘কালীবাড়ি ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, আগুনে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে কারখানার বয়লার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পরে নরসিংদী সদরের আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই দুর্ঘটনায় কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, প্রাথমিক অনুমান অনুযায়ী বয়লারের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূচনা হয়েছে। তবে সম্পূর্ণ তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা যাবে।


