অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড পরিদর্শন করেছেন। বৈশ্বিক টেক্সটাইল শিল্পের মান, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও শিল্পকারখানার কর্মপদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সম্প্রতি এই শিল্প সফরের আয়োজন করা হয়।
বিভাগের ৬০ জন শিক্ষার্থী এই সফরে অংশ নেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম এবং চেয়ারম্যান মুশফিকুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সফরটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সফরকালে শিক্ষার্থীরা হ্যামস গার্মেন্টস লিমিটেডের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তাঁরা। সভায় আধুনিক উৎপাদন প্রযুক্তি, গুণগত মান নিয়ন্ত্রণ (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টদের মতে, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পকারখানায় সরাসরি পর্যবেক্ষণের সুযোগ শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের শিল্প সফর ভবিষ্যৎ টেক্সটাইল প্রকৌশলীদের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে।
শিল্প সফরের কার্যক্রম শেষে শিক্ষার্থীরা গাজীপুরের ভবানীপুরে অবস্থিত গ্রিনটেক রিসোর্ট পরিদর্শন করেন। সেখানে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও সাঁতার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনব্যাপী শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে সফরটি সমাপ্ত হয়।


