বাংলাদেশ-নাইজেরিয়া বাণিজ্য বাড়াতে বিকেএমইএ ও হাইকমিশনারের বৈঠকনাইজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির।

বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে নাইজেরিয়ার বাজারে দেশীয় নিটওয়্যার ও তৈরি পোশাকের পরিধি সম্প্রসারণ, সম্ভাব্য আমদানিকারকদের সাথে সরাসরি বিটুবি (B2B) সম্পর্ক তৈরি এবং নতুন বাজার দখলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে নাইজেরিয়া থেকে তুলা আমদানি করে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে ব্যবহারের মাধ্যমে যৌথ ভ্যালু-চেইন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নাইজেরিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সাথে আসন্ন ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গারমেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন’ (বিটিকেজি ফেয়ার)-এ নাইজেরীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ, বিশেষ বিটুবি বৈঠক এবং পোশাক কারখানা পরিদর্শনের প্রস্তাব দেন তিনি।

এ ছাড়া বৈঠকে নাইজেরিয়ার বাণিজ্য সংগঠনগুলোর সাথে কার্যকর সংযোগ স্থাপন, যৌথ ফ্যাশন শো আয়োজনসহ পোশাক খাতে দ্বিপাক্ষিক বিনিয়োগ, স্থানীয় ডিস্ট্রিবিউশন ও ওয়্যারহাউজিং সুবিধার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে বিকেএমইএ’র সহ-সভাপতি মো. শামসুজ্জামান, সিআইপি; সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ; সাবেক সহ-সভাপতি মো. আক্তার হোসেন অপূর্ব এবং পরিচালক মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com