নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের আধুনিক প্রযুক্তি এবং দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে দিনব্যাপী ‘এপারেল ফেস্ট ১.০’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কলেজের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই ফেস্টের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের সঠিক প্রয়োগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই মূলতঃ এই আয়োজন। দিনব্যাপী এই উৎসবে এআই ও অটোমেশন কেন্দ্রিক কর্মশালা, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনামূলক সেশন, ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞরা জানান, বিশ্ববাজারে দেশীয় তৈরি পোশাক শিল্পের অবস্থান ধরে রাখতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই। তাই শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং আধুনিক শিল্পখাতের চাহিদা অনুযায়ী গড়ে তোলা প্রয়োজন। বর্তমান তৈরি পোশাক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ ও অটোমেশন প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ প্রকৌশলীদের এসব বিষয়ে বাস্তব জ্ঞান থাকা জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুর রকিব এবং সভাপতিত্ব করেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন। আয়োজক কমিটিতে রাফিউজ্জামান, মোকাররম, সোহান, মুহিব, দেবব্রত ও সৌরভসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।


