গাজীপুরে কেয়া গ্রুপের ৬১৩ শ্রমিক ছাঁটাই, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েনগাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া গ্রুপের বিভিন্ন কারখানা থেকে ৬১৩ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিট কম্পোজিট, স্পিনিং, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের বিভিন্ন পদে তারা কর্মরত ছিলেন।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের তালিকা টানিয়ে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এসে তালিকায় নিজেদের নাম দেখে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, বকেয়া বিলের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের চেয়ে বেশি জনবল থাকায় প্রশাসনিক ও উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী বিভিন্ন বিভাগের অতিরিক্ত শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, ছাঁটাই হওয়া শ্রমিকদের আইনগত সব পাওনা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে। ভবিষ্যতে কারখানায় নতুন কর্মী প্রয়োজন হলে শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী এই শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরিস্থিতি শান্ত রাখতে কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com