রপ্তানিমুখী নিট পোশাক খাতে ভ্যাট পরিপালন, কর অব্যাহতি ও অডিট প্রস্তুতি সংক্রান্ত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে “ভ্যাট কমপ্লায়েন্স, এক্সেম্পশনস অ্যান্ড অডিট প্রিপেয়ার্ডনেস ফর এক্সপোর্ট-ওরিয়েন্টেড নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ সেশনে নারায়ণগঞ্জ অঞ্চলের বিকেএমইএ সদস্য কারখানাগুলোর মধ্যম পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাউদ্দিন তালুকদার।
কর্মসূচিতে বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং পরিচালক মো. নজরুল ইসলাম, মো. আব্দুল হান্নান ও মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ উপস্থিত ছিলেন।
সদস্য কারখানাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক কমপ্লায়েন্স চর্চা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিকেএমইএ এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

