বাংলাদেশ পোশাক ও বস্ত্র খাতের বৃহৎ প্রদর্শনী ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) ২০২৬’ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারক সমিতি (বিজিএমইএ)। রোববার (৩০ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে এ সহযোগিতা চায় বাটেক্সপো ২০২৬-এর স্টিয়ারিং কমিটি।
বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়ন, সক্ষমতা এবং নতুন উদ্ভাবন তুলে ধরতে এই প্রদর্শনীর গুরুত্ব ব্যাখ্যা করে।
স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে বিজিএমইএ কাজ করে যাচ্ছে। এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক অংশীদার, আন্তর্জাতিক ক্রেতা ও নীতি নির্ধারকদের আমন্ত্রণ এবং অংশগ্রহণ সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে দেশীয় পোশাক শিল্পের ‘গ্লোবাল ব্র্যান্ডিং’ জোরদার করার আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিজিএমইএ-এর এই উদ্যোগের প্রশংসা করেন। বাটেক্সপো ২০২৬ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের কূটনৈতিক ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন তিনি।বৈঠকে বিজিএমইএ পরিচালক ও বাটেক্সপোর প্রধান সমন্বয়ক শাহ রায়ীদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, ব্র্যান্ডিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খান মনিবুল আলম (শুভ), ট্রেড ফেয়ার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান সাজেদুল করিম এবং প্রেস ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার ও মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন এবং মহাপরিচালক মো. মোশাররফ হোসেন আলোচনায় অংশ নেন।বিজিএমইএ আয়োজিত দুই দিনব্যাপী এই মেগা প্রদর্শনীতে বৈশ্বিক ক্রেতা, শিল্পের প্রভাবশালী নেতৃবৃন্দ, বিশ্ব গণমাধ্যম ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ একই ছাদের নিচে সমবেত হবেন, যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য নতুন বাণিজ্য সম্ভাবনার পথ উন্মোচন করবে।

