চীনে শিক্ষা সফরের জন্য মনোনীত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর আট সদস্যের প্রতিনিধি দল আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয় পরিদর্শন করে।
এ সময় প্রতিনিধি দলটি বিটিএমএ-এর পরিচালক এবং নিটারের গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব মো. খোরশেদ আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা সফরের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও শিল্পখাত সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, জনাব মো. খোরশেদ আলম-এর একান্ত পৃষ্ঠপোষকতায় এই শিক্ষা সফরের আয়োজন করা হচ্ছে। লিখিত পরীক্ষা, ভাইভাসহ একাধিক ধাপের কঠোর ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে অসংখ্য শিক্ষার্থীর মধ্য থেকে নিটারের এই আট শিক্ষার্থী চূড়ান্তভাবে শিক্ষা সফরের জন্য নির্বাচিত হন।
আসন্ন এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা চীনের আধুনিক টেক্সটাইল শিল্প, প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির বিকাশে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

