শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজ টেক্সটাইল লিমিটেড। একই সঙ্গে কারখানা বন্ধের মূল কারণ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) অবহিত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ’ সংক্রান্ত একটি পোস্ট দেয় প্রতিষ্ঠানটি। বিষয়টি নজরে আসার পর গত ১৬ জুলাই কোম্পানির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চায় ডিএসই।

ডিএসইর চিঠির জবাবে তমিজ টেক্সটাইল জানায়, অনাকাঙ্ক্ষিত শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী গত ১৩ জুলাই থেকে কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে গঠনমূলক আলোচনা ও পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নেওয়ায় সমস্যার সমাধান হয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১৮ জুলাই থেকে কারখানাটি আবারও পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরেছে।

কারখানাটি কয়েক দিন বন্ধ থাকার ফলে কোম্পানির সার্বিক ব্যবসায়িক ও আর্থিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে, তা বর্তমানে মূল্যায়ন করে দেখা হচ্ছে বলেও ডিএসইকে জানানো হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com