EMMTEX SLN Textile Industry Advertisement Banner

গাজীপুরের কালিয়াকৈরে সার্ভিস বেনিফিট নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স হোল্ডিংস লিমিটেডের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবির মুখে সৃষ্ট পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি এপেক্স হোল্ডিংসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো— এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স লন্ড্রি মিলস লিমিটেড ও এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কারখানাগুলোর শ্রমিকদের একটি অংশ ১০ বছর চাকরি পূর্ণ হলে ১৫ মাসের এবং ৫ বছর পূর্ণ হলে ৭ মাসের মূল মজুরি সার্ভিস বেনিফিট হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। এই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে ডিআইএফই জানায়, সার্ভিস বেনিফিট দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ীই পরিশোধ করতে হবে।

এরপর ২০ জুন কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, বর্তমানে প্রচলিত সার্ভিস বেনিফিটের নিয়মই বহাল থাকবে। শ্রমিকদের দাবি করা অতিরিক্ত সুবিধা দেওয়া প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে শ্রম আইন মেনে কাজ চালিয়ে যাওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।তবে কর্তৃপক্ষের দাবি, গতকাল শ্রমিকদের একটি অংশ দাবি আদায়ের লক্ষ্যে উৎপাদন বন্ধ করে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

২২ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চার কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা চালুর সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় কর্তৃপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দিয়েছে। তবে বর্তমানে কারখানা এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com