EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ‘পিএইচডি ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দীনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে থাকা বিভিন্ন বিভাগে গবেষকরা আবেদনের সুযোগ পাবেন। বিভাগগুলো হলো— ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেইন্যান্স।

আবেদনের যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিএসসি টেক/৪ বছর মেয়াদি বিএসসি বা সমমানের ডিগ্রিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৪.০০ এর স্কেলে সিজিপিএ ৩.০০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় এমফিল/এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.butex.edu.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম এবং এনওসি (NOC) ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা, যা ওয়েবসাইটের নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।পূরণকৃত আবেদনপত্রের সাথে মানি রিসিট, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সকল পরীক্ষার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, শেষ প্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং চাকুরিজীবীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) সংযুক্ত করতে হবে। পার্ট-টাইম বা ফুল-টাইম চাকুরিজীবী উভয়কেই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা:

গত ২০ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ২৩ জুন ২০২৬ তারিখ (অফিস চলাকালীন সময়) পর্যন্ত চলবে। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক সেকশনে (রুম নম্বর-১০৫) জমা দিতে হবে।প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ০১৫৫৪-৯২৬২২০ নম্বরে যোগাযোগ করতে পারেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com