রপ্তানি আয়ে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি স্বর্ণ ও হীরা খাতকেও সমান সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সম্ভাবনাময় যেকোনো রপ্তানি খাতকে উৎসাহ দিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাজারে সফল হলেও স্বর্ণ ও হীরার মতো সম্ভাবনাময় খাত এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি।
তিনি জানান, এখন থেকে যেকোনো সম্ভাবনাময় রপ্তানি খাত প্রস্তাব আকারে এলে তা তৈরি পোশাক শিল্পের মতো সুবিধা দেওয়ার বিষয় বিবেচনা করা হবে। ব্যবসার সুযোগ সংকুচিত না করে সমস্যার আলাদা সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সময় প্রয়োজন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য কমানো, বিনিয়োগ বাড়ানো এবং মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বড় ও মানসম্মত বাজেট প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বন্দর এলাকায় অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি ব্যবসায়ীদের সরাসরি সমস্যার কথা জানানোর আহ্বান জানান।
রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করতে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালু এবং পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে করদাতা ও কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ কমবে, ফলে দুর্নীতি হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
কর-জিডিপি অনুপাত বাড়াতে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, যারা এখনো কর ব্যবস্থার বাইরে রয়েছে, তাদের করের আওতায় আনতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং ক্ষুদ্র ও বড়—সব উদ্যোক্তার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

