EMMTEX SLN Textile Industry Advertisement Banner

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখনো বড় রপ্তানি খাত হলেও দীর্ঘমেয়াদে এই খাতে টিকে থাকা কঠিন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

রনি বলেন, গার্মেন্টস খাতে রপ্তানি আয় থাকলেও প্রত্যাশিত মুনাফা অনেক সময় পাওয়া যায় না। তার দাবি, উৎপাদন ব্যয়, কর, বিদ্যুৎ-গ্যাস বিল, শ্রমিকদের বেতন এবং ব্যাংকঋণের চাপ পরিশোধের পর উদ্যোক্তাদের প্রকৃত লাভ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তিনি আরও বলেন, অতীতে অনেক বড় পোশাক কারখানা ব্যবসায়িক সংকটে পড়েছে। ফলে এই শিল্পে দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে টিকে থাকা সহজ নয়। তার মতে, বিপুল কর্মসংস্থান তৈরি হলেও মালিক ও শ্রমিক—উভয় পক্ষই আর্থিক চাপের মধ্যে থাকেন।

শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় কাজ করেও অনেক শ্রমিক জীবনযাত্রার ব্যয়ের তুলনায় কম আয় করেন। অন্যদিকে উদ্যোক্তাদের বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণের ঝুঁকি নিয়ে ব্যবসা চালাতে হয়।

আন্তর্জাতিক ক্রেতাদের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনেক সময় অর্ডার বাতিল, দামের চাপ কিংবা পেমেন্ট জটিলতায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। একটি বড় অর্ডার বাতিল হলেও কোনো প্রতিষ্ঠানের জন্য বড় সংকট তৈরি হতে পারে।

ভিডিও বার্তায় তিনি দেশের প্রকৃত অর্থনৈতিক লাভ বাড়াতে দেশীয় বাজার সম্প্রসারণ, নতুন বাণিজ্য কৌশল গ্রহণ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক সংযোগ বাড়ানোর পরামর্শ দেন।

এছাড়া তিনি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও বড় অঙ্কের বিদেশি কেনাকাটার সম্ভাব্য উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, অর্থনৈতিক চাপের সময়ে এসব বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com