Advertisement

​বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং বিদ্যুৎ ও গ্যাস সমস্যার পাশাপাশি ক্রয়াদেশ কমে যাওয়ায় আশুলিয়ার নিউ এশিয়া ফ্যাশনস লিমিটেড কারখানায় ‘লে-অফ’ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।


​কারখানা কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশের মাধ্যমে জানানো হয়, দীর্ঘদিন ধরে কারখানায় কাজের অর্ডার স্বল্পতার কারণে সাব-কন্ট্রাক্টের কাজ করা হচ্ছিল। বর্তমানে পর্যাপ্ত কাজ না থাকায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত) এর ধারা ১২ এবং ১৬ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের জন্য অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।


​নোটিশে আরও বলা হয়, লে-অফ চলাকালীন শ্রমিক ও কর্মচারীদের কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। তবে এই সময়ের জন্য সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। ভবিষ্যতে কারখানার কাজের পরিবেশ অনুকূলে এলে পুনরায় খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


​নোটিশটি গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে কারখানার হেড অব এইচআর, এডমিন এন্ড কমপ্লায়েন্স কাজী নজরুল ইসলামের স্বাক্ষরে জারি করা হয়। এর অনুলিপি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং বিজিএমইএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com