আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ফেব্রুয়ারি মাসের বেতন ইতোমধ্যে ৯৯.৯১ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ করা হয়েছে। বাকি দুটি কারখানায় বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯৯.৮১ শতাংশ কারখানায়। অবশিষ্ট চারটি কারখানায় বোনাস দেওয়ার কাজ চলমান রয়েছে।
মাহমুদ হাসান খান আরও জানান, ঈদ উপলক্ষে সড়কে যানজট কমাতে শিল্পাঞ্চলভিত্তিক ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে। এতে মহাসড়কে চাপ কমবে এবং শ্রমিকদের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের শিল্পবান্ধব পদক্ষেপের কারণে শিল্পাঞ্চলে বর্তমানে স্থিতিশীলতা বজায় রয়েছে। এর ফলে শ্রমিকরা সময়মতো তাদের আইনগত প্রাপ্য পাচ্ছেন।
বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সহ-সভাপতি, পরিচালক, বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

