রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ২০ রমজানের মধ্যে সব বকেয়া মজুরি ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিকার আন্দোলনের সদস্য সচিব ও গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।এ সময় বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ এবং বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, বাজারদরের তুলনায় খুব কম মজুরিতে পোশাক শ্রমিকরা কাজ করছেন। দীর্ঘ সময় ওভারটাইম করেও অনেক শ্রমিক পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। অনেক কারখানায় মাসের পর মাস মজুরি বকেয়া রাখা বা প্রাপ্য বেতন না দেওয়ার অভিযোগও তোলেন তারা। এ বিষয়ে মালিকপক্ষ বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অভিযোগ করেও শ্রমিকরা যথাযথ প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন নেতারা।
এ অবস্থায় আগামী ২০ রমজানের মধ্যে সব বকেয়া মজুরি ও বোনাস পরিশোধের দাবি জানান তারা। পাশাপাশি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যানজট নিরসন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করারও আহ্বান জানান বক্তারা।সমাবেশে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার ঘটনায় পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে। তারা ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Leave a Reply