মিরর ডেস্ক ৩ মার্চ ২০২৬ , ২:৩১:২২ অনলাইন সংস্করণ
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি লিজ চুক্তি সই হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২৪ হাজার বর্গমিটার জমির ওপর কারখানা নির্মাণ করবে। প্রকল্পটি চালু হলে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
কারখানাটিতে বছরে প্রায় ৭০ লাখ পিস ওভেন ও নিট পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ বিভিন্ন ধরনের জার্সি। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দেশীয় শিল্পখাতকে শক্তিশালী করতে সম্ভাব্য ক্ষেত্রে স্থানীয় উৎস থেকে মানসম্মত কাঁচামাল সংগ্রহের আহ্বান জানান তিনি।
জি ঝেনিউ বেপজার নীতিগত সহায়তায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, আগামী এপ্রিল থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে এবং পরের বছর রপ্তানি কার্যক্রম চালুর আশা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








