বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট ‘বিশ্বের বৃহত্তম কারুশিল্প বিপণন কেন্দ্র’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে।
রোববার (৮ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং এ তথ্য জানায়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ উন্মোচনের মাধ্যমে এই অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এ সময় একটি বিশেষ মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেটকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের জীবন্ত প্রদর্শনভূমি হিসেবে তুলে ধরা হয়।
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, এই স্বীকৃতি শুধু একটি রেকর্ড নয়; এর মাধ্যমে কারুশিল্পের সঙ্গে যুক্ত মানুষের অবদানও সম্মানিত হয়েছে। তাঁর ভাষায়, কারুশিল্পকে সম্মান জানানো মানে দেশের ঐতিহ্য সংরক্ষণ করা। একই সঙ্গে এই খাতের বিস্তার মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগও বাড়ায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়ংয়ের এই অর্জন বাংলাদেশের কারুশিল্প ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি। কারণ প্রতিষ্ঠানটির সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিটি ক্রয়ের সঙ্গে যুক্ত থাকে কারুশিল্পীদের জীবিকা রক্ষা এবং ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখার প্রচেষ্টা।
এই স্বীকৃতিকে ঘিরে দেশজুড়ে উদযাপনেরও পরিকল্পনা রয়েছে। আড়ংয়ের দেশের ১০টি আউটলেটে আয়োজন করা হবে পপ-আপ গ্যালারি, যেখানে দর্শনার্থীরা ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেটের বিশেষ বৈশিষ্ট্য এবং বিশ্বরেকর্ড অর্জনের গল্প সম্পর্কে জানতে পারবেন।
