টেক্সটাইল ও পোশাকখাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো দিনব্যাপী বিশেষ ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ‘থ্রেডস টু টুমরো ২০২৬’। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ কর্মসূচির আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটি টেক্সটাইল সোসাইটি (ইউইউটিএস)।
‘এমপাওয়ারিং টুমরোস টেক্সটাইল গ্র্যাজুয়েটস: ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন এডুকেশন, রিয়েল-ওয়ার্ল্ড ইনসাইটস, অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপেক্টেশনস’ থিমকে সামনে রেখে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিশ্বজুড়ে উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ‘পাওয়ার্ড বাই পার্টনার’ হিসেবে যুক্ত ছিল পরান-এ (PoranA), ‘কো-পাওয়ার্ড বাই পার্টনার’ হিসেবে সামিত ডাই-কেম লিমিটেড এবং ‘এডুকেশন পার্টনার’ হিসেবে দায়িত্ব পালন করে বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার।
বিশিষ্ট অতিথি ও বক্তাদের আলোচনা
উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য নবীদ আজিজ ও আবিদ আজিজ, কোষাধ্যক্ষ অধ্যাপক হাসপিয়া বশিরুল্লাহ, অধ্যাপক ড. পারভীন আখতার জেমি, অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক, ড. মো. সুলতানুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও আর্টস অনুষদের ডিন মো. হুমায়ুন কবির খান।
এতে মূল বক্তা হিসেবে টেক্সটাইল খাতের বর্তমান চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোকপাত করেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী মো. জাকারিয়া আলম জিকু এবং বিজিএমইএ বিশ্ববিদ্যলয়ের সহকারী অধ্যাপক ড. মাইনুল মোরশেদ।
থ্রিডি ও ডিজিটাল অ্যাপারেল কর্মশালা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘থ্রিডি অ্যান্ড ডিজিটাল অ্যাপারেল ওয়ার্কশপ’। পরান-এ-এর সিইও ও প্রতিষ্ঠাতা শাহ পরানের পরিচালনায় এ কর্মশালায় শিক্ষার্থীদের অটো ক্যাড (AutoCAD), ত্রিমাত্রিক ডিজাইন (3D Design), টেকনিক্যাল টেক প্যাক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর আধুনিক ডিজাইন টুলসের ওপর হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
পাশাপাশি ‘ইন্ডাস্ট্রি ইনসাইট ফোরাম’-এ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ ও অভিজ্ঞ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেখানে মার্চেন্ডাইজিং, প্রোডাকশন প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল এবং বৈশ্বিক বাজারের নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উচ্চশিক্ষা ও ভাষাদক্ষতার দিকনির্দেশনা
আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনা ও স্কলারশিপের সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন এডুকেশন কাউন্সেলর মো. আসিফ আশরাফি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে এবং উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে বাংলায় আইইএলটিএস-এর সিনিয়র ইনস্ট্রাক্টর শাহনেওয়াজ নিশান ভূঁইয়া আইইএলটিএস (IELTS), পিটিই (PTE) ও ব্যাকরণের নানা কৌশল শেখান।
সরাসরি মক ইন্টারভিউ
অনুষ্ঠানের শেষ ভাগে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী মক ইন্টারভিউ ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ভাইভা দেওয়া ও নিয়োগপ্রক্রিয়ার নানা ধাপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কেবল পুথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক ও কারিগরি দক্ষতায় পারদর্শী করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠান ও পোশাকখাতের মধ্যে পারস্পরিক সংযোগ জোরদার করার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।


