ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড টেকনোলজি (ডিডিপি) ২০২৬ বিডি কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের একটি দল। বিইউএফটির অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থী মো. আতিকুর রহমান ও তাঁর দলীয় সদস্যরা এই অসাধারণ সাফল্য অর্জন করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিল একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ। শিল্পখাত ও শিক্ষাবিদদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পোশাকশিল্পের নানা বাস্তব সংকট কাটিয়ে উঠতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা তুলে ধরেন প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, টেকসই সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার মতো সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পায়। বাস্তবমুখী ও কার্যকর সমাধান উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে বিইউএফটির দলটি।

এই জয়ের মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে হংকংয়ে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ডিডিপি কেস প্রতিযোগিতা’-য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অধিকার অর্জন করেছেন আতিকুর ও তাঁর দল। তরুণদের এই আন্তর্জাতিক অর্জন দেশের তৈরি পোশাকখাতে প্রযুক্তির আধুনিক ব্যবহার ও উদ্ভাবনী শক্তির এক অনন্য দৃষ্টান্ত।

বিজয়ী শিক্ষার্থীদের অভূতপূর্ব এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিইউএফটি কর্তৃপক্ষ। তাঁদের অ্যানালিটিক্যাল দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে বিশ্বমঞ্চেও এই দল দেশের গৌরব উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের নীতিপ্রণেতারা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com