বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরতা কমিয়ে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বিকেএমইএ ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।

সম্প্রতি ঢাকার বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এ নিয়ে বিস্তারিত কথা বলেন।

বৈঠকে মোংলা বন্দরের চেয়ারম্যান জানান, বন্দরটিতে বর্তমানে সর্বোচ্চ ৯.৫ মিটার ড্রাফট ও ২২৫ মিটার দীর্ঘ জাহাজ চলাচলের সক্ষমতা রয়েছে। এছাড়া জেটিগুলোতে এক সঙ্গে সর্বোচ্চ ৫২টি জাহাজ নোঙর করার সুবিধা রয়েছে। পোশাক খাতের রপ্তানি বাড়াতে মোংলা বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মোংলা বন্দর যদি কম খরচে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারে, তবে পোশাক শিল্প মালিকরা এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন। আন্তর্জাতিক ক্রেতাদের সময়মতো পণ্য পাঠাতে সঠিক সময়ে কার্গো ডেলিভারি নিশ্চিত করা পোশাক খাতের জন্য জরুরি।

মোংলা বন্দরের বর্তমান সুযোগ-সুবিধা, সেবার ঘাটতি ও বিভিন্ন পরিচালনগত সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য বিকেএমইএ, বিজিএমইএ, শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরওয়ার্ডারদের নিয়ে একটি যৌথ বৈঠকের প্রস্তাব দেন বিকেএমইএ সভাপতি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com