বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ফাঁকা থাকা আসনগুলো পূরণে আগামী ১০ মার্চ দুই পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি শেষে বেশির ভাগ আসন এখনো খালি রয়েছে। মোট ৬৩০টি আসনের মধ্যে এ পর্যন্ত ২০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে ৪২১টি আসন ফাঁকা আছে, যা তৃতীয় ধাপের মাধ্যমে পূরণ করা হবে। এ ধাপে মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মার্চ প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে। এ পর্যায়ের ভর্তি কার্যক্রম দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করা হবে।
একই দিনে দ্বিতীয় পর্যায়ে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে অডিটোরিয়ামে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রথম পর্যায়ের ভর্তি শেষে যদি আসন ফাঁকা থাকে, তাহলে মেধাক্রম অনুযায়ী তাঁদের ভর্তি কার্যক্রম বেলা আড়াইটা পর্যন্ত সম্পন্ন করা হবে।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণের পছন্দক্রম ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ভর্তির দিন সঙ্গে আনতে বলা হয়েছে।

